রাজধানীর খিলগাঁওয়ে বাবা ও ছেলেকে গুলি করেছে সন্ত্রাসীরা। এতে ছেলে সায়েম নিহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তার বাবা ইসরাফিলকে (৫৫) ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খিলগাঁও থানার এসআই লিয়াকত আলী জানান, রাত সাড়ে ৮টার দিকে খিলগাঁওয়ের গোরান এলাকার শান্তিনগর হাইস্কুলের সামনের রাস্তায় সন্ত্রাসীরা বাবা ইসরাফিল ও ছেলে সায়েমকে গুলি করলে তারা গুরুতর আহত হন। প্রথমে তাদেরকে খিলগাঁও খিদমাহ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে ছেলে সায়েমের মৃত্যু হয়। তার বাবাকে ঢামেকে ভর্তি করা হয়েছে। তার অবস্থা গুরুতর।
গুলিবিদ্ধ ইসরাফিল জানিয়েছেন, তিনি একজন মানিএক্সচেঞ্জ ব্যবসায়ী। তার প্রতিষ্ঠানের নাম ইউনিভার্সাল মানি এক্সচেঞ্জ। সন্ত্রাসীরা গুলি করে তার কাছে ৪২ লাখ টাকা নিয়ে গেছে।
খিলগাঁও থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ বলেন, প্রাথমিকভাবে এটি ছিনতাইয়ের ঘটনা বলে মনে করা হচ্ছে। পূর্ব শত্রুতার জের ধরেও এ ঘটনা ঘটতে পারে।
ঢাকা, ৫ সেপ্টম্বর, টাইমনিউজবিডি.কম,এসএইচ





