রাজধানীর ওয়ারীর শেরে বাংলা স্কুল রোডে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় স্থানীয় যুবলীগ নেতা আব্দুল মান্নানকে (৩০) গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য স্কয়ার হাসপাতালে নেওয়া হয়েছে।

আব্দুল মান্নান বংশাল থানার ৩১ নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক।

আহতের স্ত্রী নূরজাহান সাথী জানান, তাদের বাসা শেরে বাংলা স্কুল রোডে। ২১/১ নং সাততলা ভবনের তিনতলায় থাকেন তারা। মিটফোর্ড এলাকায় তার স্বামীর ওষুধের দোকান রয়েছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ১০টায় গুলির শব্দ পেয়ে তিনি নিচে এসে দেখেন তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন। এ সময় তারা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেকের সহকারী ক্যাম্প ইনচার্জ এএসআই (সহকারী উপ-পরিদর্শক) সেন্টু চন্দ্র দাস জানান, আব্দুল মান্নানের মাথায় ও পেটে মোট দুইটি গুলি লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এএইচ