ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকার।

বুধবার (১ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হননি। বর্তমানে দেশে ৪৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এরা সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালেই ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩৬১ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১২ জন রোগী। তবে এ বছরে এখনও কেউ মারা যাননি।

উল্লেখ্য, ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২৮ হাজার ৪২৯ জন। সুস্থ হয়েছেন ২৮ হাজার ২৬৫ জন এবং মারা যান ১০৫ জন।

এমআর