ভারতে পাচারের সময় ১১ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে সাতক্ষীরার আলিপুর সীমান্ত থেকে তাদের উদ্ধার করা হয়।

তারা হলেন- নাসিরউদ্দিন, মনোয়ার হোসেন, আরিফউদ্দিন, ফরিদউদ্দিন, নিক্সন মিয়া, আবু বকর, আবু লেইস, রবিউল্লাহ, নাজমুল সালাহউদ্দিন ও হাবিবুর রহমান।

তাদের মধ্যে নছিমন চালক নাজমুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে। বাকি ১০ জনের বাড়ি সুনামগঞ্জ জেলার দোয়ারা ও সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

সাতক্ষীরা সদর থানার ওসি এমদাদ শেখ জানান, মানব পাচারকারীরা তাদের সুনামগঞ্জ জেলা থেকে সাতক্ষীরায় নিয়ে আসে। রাত ১০টার দিকে সাতক্ষীরা সীমান্ত পাড়ি দেয়ার কিছুক্ষণ আগেই তাদের আটক করা হয়।

তিনি আরো জানান, মানব পাচারকারী সাতক্ষীরা সদরের হাড়দ্দহা গ্রামের আবু জাহিদসহ আরো কয়েকজন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

ওসি জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা কিডনি পাচারের মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

এআর