ফেনীর সোনাগাজীতে এক যুবদল নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে তার দুটি ঘর ভস্মীভূত হয়েছে বলে জানা গেছে।

বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। যুবদলের ওই নেতার নাম হোসেন আহম্মদ জুয়েল।

অগ্নিকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগ জড়িত বলে অভিযোগ করেছে উপজেলা বিএনপি। উপজেলা বিএনপির সভাপতি গিয়াস উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে একদল দুর্বৃত্ত সোনাগাজী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি হোসেন আহম্মদ জুয়েলের সুজাপুরের গ্রামের বাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহুর্তেই আগুনে তার দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।

আগুনের খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনার জন্য তিনি সরকারি দলের নেতাকর্মীদের দায়ী করে বলেন, মঙ্গলবার রাতে সোনাগাজীর ভৈরব চৌধুরী বাজারে যুবলীগকর্মী নিহতের ঘটনাকে কেন্দ্র করে তারা এ ঘটনা ঘটিয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন।

এমআর