ঝালকাঠির রাজাপুরে পুলিশ প্রটোকলে থাকা একটি যাত্রীবাহী গাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টাকারীকে কৌশলে চাপা দিয়ে  ঈগল পরিবহণের চালক বাসের ৩০ যাত্রী জীবন বাঁচিয়েছেন।

এ কারণে জেলা পুলিশের পক্ষ থেকে বাসচালক মো. আসাদকে ১০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়েছে।

শনিবার দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের সভাকক্ষে সংবাদ সম্মেলন করে তার হতে এ টাকা তুলে দেন পুলিশ সুপার মো. মজিদ আলী।

এ সময় গ্রেফতার হওয়া রাজাপুর উপজেলা জামায়েতের সভাপতি  মো. তাজউদ্দিনসহ ১০ শিবিরের কাছ থেকে উদ্ধার হওয়া একটি পেট্রোল বোমা, জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর ছবি সম্বলিত পোস্টার, তিনটি মোবাইল ফোন, সংগঠনের চাঁদা আদায়ের রশিদ দেখানো হয়।

চলমান এসএসসি পরীক্ষা বানচাল করা ও বিভিন্ন স্থানে নাশকতা করার  লক্ষ্যে এরা কাজ করছিল বলে জানান পুলিশ সুপার।

এ দিকে গ্রেফতার হওয়া ১০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইন ও বিশেষ ক্ষমতা আইনে রাজাপুর থানায় মামলা করেছে।

প্রসঙ্গত, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে মঠবাড়ি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের উপজেলার বলাইবাড়ি ব্রিজ এলাকায় মঠবাড়িয়া থেকে ঢাকাগামী ঈগল পরিবহণের যাত্রীবাহী একটি বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এ সময় কৌশলে চালক তাদের বাস চাপা দেন। এ  কারণে পেট্রোল বোমার আগুন থেকে রক্ষা পান বাসের প্রায় ৩০ যাত্রী।

জেআই