যশোরে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ আবদুল মান্নানের ওপর হামলা চালিয়ে কান কেটে নিয়েছে এক ইজিবাইক চালক।
ট্রাফিক অফিসের অদূরে শহরের দড়াটানা তাজ স্ন্যাক্সের সামনে বুধবার রাত সোয়া ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
আহত আবদুল মান্নানকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি খুলনার তেরখাদা এলাকার আবদুল লতিফ শেখের ছেলে।
আবদুল মান্নান যশোর শহরের পুলিশ লাইন টালিখোলা এলাকায় ভাড়া থেকে ট্রাফিক অফিসে কনস্টেবল (৬৭৬ নম্বর) পদে কর্মরত রয়েছেন।
চিকিৎসাধীন আবদুল মান্নান জানান, আমি দায়িত্ব পালনের সময় ইজিবাইকের সারিবদ্ধ হয়ে যাত্রী উঠাতে বলি। এতে ক্ষিপ্ত হয়ে এক ইজিবাইক চালক আমাকে পেছন থেকে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
চিকিৎসক মনিরুজ্জামান লর্ড জানান, আবদুল মান্নানের বাম কানের লতি কেটে পড়ে গেছে। এছাড়া বাম হাতে ও পাজড়ে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তবে তিনি আশঙ্কামুক্ত।
কোতোয়ালি থানার অফিসার ইন চার্জ (ওসি) শিকদার আক্কাস আলী জানান, হামলাকারী ইজিবাইক চালক পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন যশোর ‘ক’সার্কেলের এএসপি ভাস্কর সাহাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
কেএইচ





