খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ৫২টি কিরিচ ও রামদা উদ্ধার করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এসময় সেখান থেকে তপন কর্মকার (৪০), রনজিত কর্মকার (৩৬) ও শুভ চৌধুরী (১৮) নামে তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টায় শহরের শুঁটকিপট্টির একটি দোকানে অভিযান চালিয়ে বস্তা মোড়ানো অবস্থায় অস্ত্রগুলো উদ্ধার এবং তাদেরকে আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মো. সরোয়ারুল আলমের নেতৃত্বে তপন কর্মকারের দোকানে পুলিশ এ অভিযান চালায়।

এ সময় দোকানের ছাদ ও বাক্সের ভেতরে বস্তায় মোড়ানো অবস্থায় ৫২টি কিরিচ ও রামদা উদ্ধার করা হয়।

নাশকতার কাজে ব্যবহারের জন্য কোনো রাজনৈতিক দল এসব তৈরী করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর