চিকিৎসকদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দেবেন, যেন চিকিৎসা নিতে দেশের আর কোনো মানুষকে বিদেশে যেতে না হয়, বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে হয়।’
রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালের ছয়শ যন্ত্রের মধ্যে ৪৫০টি অকেজো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার বিকেলে হাসপাতালটির চিকিৎসক ও নার্সদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এমনটি জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা খাতের ঠিক কোন জায়গাটায় সমস্যা সেটি খুঁজে বের করতে আমরা এখন মাঠে নেমে গেছি। দেশের ছয়টি বিভাগ পরিদর্শন শেষ করেছি। আর মাত্র দুটি বিভাগ বাকি আছে। এরপর দেশের সব হাসপাতালের ছোট-বড় খুঁটিনাটি সব বিষয় নিয়ে মন্ত্রণালয় থেকে বিভিন্ন রকম কার্যকর পদক্ষেপ নেয়া হবে। তবে যত কিছুই করা হোক, চিকিৎসা দিতে হবে চিকিৎসকদেরই। এ নিয়ে অবহেলা করা যাবে না। ’
চিকিৎসকদের উদ্দেশে জাহিদ মালেক বলেন, ‘মানুষকে চিকিৎসা সেবা এমনভাবে দেবেন, যেন চিকিৎসা নিতে দেশের আর কোনো মানুষকে বিদেশে যেতে না হয়, বরং বিদেশ থেকেই বাংলাদেশে চিকিৎসা নিতে আসতে হয়।’
তিনি বলেন, ‘রমেক হাসপাতালে বেড সংখ্যা এক হাজার হলেও চিকিৎসা নেয় দুই হাজারের বেশি মানুষ। হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব রয়েছে। হাসপাতালের কিছু বিভাগে ভালো চিকিৎসা সেবা দেয়া হলেও বেশ কিছু বিভাগের গুরুতর ত্রুটি লক্ষ্য করেছি। এসব চলবে না। আরেকটি অবাক করা বিষয় হচ্ছে, এই হাসপাতালে প্রায় ছয় শ যন্ত্রপাতি থাকলেও এগুলোর মধ্যে সাড়ে চার শই অকেজো হয়ে পড়ে আছে। এটা তো মেনে নেয়া যায় না। হয় পুরাতন যন্ত্রপাতি দ্রুত মেরামত করতে হবে, নইলে নতুন মেশিন কিনতে হবে।
এইচএম





