নওগাঁয় একই স্থানে বিএনপির দুটি গ্রুপ কাউন্সিল আহবান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পোরশা উপজেলা পরিষদের পাশে কাইয়ুম শাহের আমবাগানে বৃহস্পতিবার স্থানীয় বিএনপির দুই গ্রুপ কাউন্সিল আহবান করে।
বুধবার রাত ১১টার দিকে পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার উদ্দিন ১৪৪ ধারা জারির এই আদেশ দেন। আদেশে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশে দেওয়া হয়।
ইউএনও ইফতেখার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার স্থানীয় বিএনপি নেতা তবিবর রহমান শাহ কাইয়ুম শাহের আমবাগানে বৃহস্পতিবার একটি কাউন্সিল সভা করার অনুমতি চেয়ে আবেদন করেন। পরে একই স্থানে একই সময় সভা করার অনুমতি চান আবুল কাশেম নামে বিএনপির অপর এক নেতা।
এতে দুই গ্রুপের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে আইন শৃঙ্খলার অবনতির আশংকায় ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে পুলিশ মোতায়েন করার নির্দশ দেওয়া হয়।
পোরশা থানার পরিদর্শক (ওসি) শাহীন রহমান জানান, রাতে ১৪৪ ধারা জারি করার আদেশ পাওয়ার পরই কাইউয়ুম শাহের আমবাগান ও উপজেলা সদরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএ





