পুলিশের লাঠির আঘাতে স্টোভের আগুন ছড়িয়ে চা-বিক্রেতা বাবুল মাতুব্বরের দগ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গঠন করা তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
রোববার ডিএমপি কমিশনারের কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেন এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির প্রধান ডিএমপির উপকমিশনার (শৃঙ্খলা) টুটুল চক্রবর্তী।
ডিএমপির উপকমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রতিবেদনে কি আছে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।
বুধবার রাজধানীর মিরপুরের শাহআলী এলাকায় পুলিশের লাঠির আঘাতে স্টোভের আগুন ছড়িয়ে চা-বিক্রেতা বাবুল দগ্ধ হন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতে পুলিশের পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়। তারা হলেন— মিরপুর শাহআলী থানার এসআই মমিনুর রহমান, এসআই নিয়াজ উদ্দীন মোল্লা, এসআই শ্রীরাম চক্রবর্তী, এএসআই দেবেন্দ্র নাথ ও কনস্টেবল জসিম উদ্দীন।
এরপর শনিবার শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডলকে প্রত্যাহার করা হয়।
চা-বিক্রেতা বাবুলের মৃত্যুর ঘটনা তদন্তে ডিএমপির পাশাপাশি পুলিশের মিরপুর জোনের উপকমিশনার মাসুদ আহমেদকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
ওএফ





