চট্টগ্রাম মহানগরীর পশ্চিম মাদারবাড়ীর শুভপুর বাস স্ট্যান্ড এলাকায় যানজট নিরসন করতে গিয়ে ট্রাক শ্রমিকদের হামলার শিকার হয়েছে ট্রাফিক পুলিশ। রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে যানজট সৃষ্টি করা হলে রেকার দিয়ে সেই ট্রাকটি সরিয়ে নেওয়ার সময় ট্রাক শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায় ও রেকার ভাঙচুর করে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে। শ্রমিকদের হামলায় দায়িত্বরত অবস্থায় আহত হয়েছেন পুলিশ কনস্টেবল মোহাম্মদ সোহাগ (৩২)। এই ঘটনায় পুলিশ দুই ট্রাক শ্রমিককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, শুভপুর বাসস্ট্যান্ডে একটি ট্রাক রাস্তার উপর দাঁড় করিয়ে রাখার ফলে সেখানে যানজটের সৃষ্টি হয়ে। ট্রাফিক পুলিশ ট্রাকটি সরিয়ে নিতে দীর্ঘ সময় ট্রাকের চালক, হেলপার কাউকে খুঁজে না পেয়ে পুলিশের রেকার দিয়ে সেটি সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়। এই সময় ট্রাক শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর হামলা চালায়। তারা রেকারটির সামনের গ্লাস ভেঙে দেওয়াসহ ক্ষতিগ্রস্ত করে। এই সময় রেকারের ভেতরে থাকা পুলিশ কনস্টেবল সোহাগ আহত হয়। আহত কনস্টেবলকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে দুই ট্রাক শ্রমিককে আটক করে থানায় নিয়ে আসে।
এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নগর ট্রাফিক বিভাগ উত্তরের ইন্সপেক্টর নজরুল ইসলাম।
জেআই





