সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় আহত আরো এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো নয় জনে।

নিহতের নাম আইয়ুব আলী (৭০)। শুক্রবার সন্ধ্যায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গত মঙ্গলবার দুপুরে কমার্স ব্যাংকের কাঠগড়া শাখায় অস্ত্র ও বোমা নিয়ে ডাকাতরা হানা দেয়।

তারা ব্যাংকের ব্যবস্থাপক, নিরাপত্তারক্ষীসহ তিনজনকে হত্যা করে ক্যাশ থেকে টাকা নিয়ে পালানোর সময় স্থানীয়রা প্রতিরোধ করে।

এ সময় ডাকাতদের গুলি ও বোমায় আরও তিনজন নিহত হন। জনতার ধাওয়ার মুখে সন্দেহভাজন ডাকাতদের দুজন মোটরসাইকেল থেকে পড়ে গেলে গণপিটুনিতে নিহত হন তাদের একজন। ওই রাতেই হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রেজাউল করিম বলেন, আইয়ুব আলী পেটে ও বুকে গুলি এবং ধারালো অস্ত্রের আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এআর