নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করেছে নীলফামারী গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গত ৩০ এপ্রিল তাদের নীলফামারীর বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে বলে সোমবার (০২ মে) বিকেলে পুলিশ সুপার (এসপি) মো. জাকির হোসেন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয় বলে প্রেস বিজ্ঞতিতে জানানো হয়।
গ্রেফতার হওয়া জেএমবি সদস্যরা হলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তনিয়াপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুর রহমান (২৫), পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের সাহেব আলীর দুই ছেলে মাসুদার রহমান ওরফে ইব্রাহীম ওরফে মাসুদ (৪২) ও মোশাররফ হোসেন (৩৮)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নীলফামারী শহরে পুলিশ হত্যাসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবি সদস্যরা। সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সদস্যরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন।
এসপি জাকির হোসেন খান প্রেস বিজ্ঞপ্তির কথা স্বীকার করে বলেন,‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন জেমবি সদস্য এসব পরিকল্পনার কথা স্বীকার করেছেন। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে আরও তথ্য পেতে রিমান্ডের আবেদন করা হবে।
ওএফ





