রংপুর মহানগরীর নুরপুর ও শাপলা এলাকায় শিয়ালের কামড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর থেকে ১০-১২টি শিয়াল একত্রে আক্রমণ করে রাত সোয়া ৮টা পর্যন্ত এ ২৫ জনকে আহত করে।
আহতদের মধ্যে ১২ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
শিয়াল আতঙ্কে ওই এলাকার মানুষ তাদের নিজ নিজ ঘরে অবস্থান নিয়েছে। আতঙ্কে কেউ ঘর থেকে বের হচ্ছে না।
নুরপুরের বাসিন্দা ও সাংবাদিক মাহাবুল ইসলাম জানান, সন্ধ্যার পর থেকে রাত সোয়া ৮টা পর্যন্ত ১০-১২টি শিয়াল নুরপুর এলাকার বিভিন্ন বাড়িতে ঢুকে কামড়ানো শুরু করে।
মাহাবুল জানান, শিয়ালের কামড়ে গুরুতর আহত রোজি বেগম (৪০), শিরিন আখতার (৩০), সীমা বেগম (১৩), লাইলী বেগম (৩৫), লাভলী বেগম (২৮), শিউলি আখতার (১২), রহিমা (৪৫), হেল্লা বেওয়া (৫৮), ফাতেমা (৫০), মুক্তা (২৫), আশিক (৩২), পারুল (২৫), মারুফা (৬), রাবেয়া (৪৫), জীবন (৪), ফাতেমা (১৪), পারুল বেগম (৩০), শিফা (১৪), রেজিনা বেগম (৩৫) ও মামুনকে (১২) রমেকের সংক্রামক ব্যাধি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ১টি শিয়ালকে পিটিয়ে মেরে ফেলেছে। লোকজন লাঠিসোটা ও টর্চ নিয়ে এলাকা পাহারা দিচ্ছে।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু জানান, আহতদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্যাকসিন দেয়া হচ্ছে।
আহত শিরিন আখতারের ভাই রানা মিয়া জানান, নুরপুর কবরস্থান সংলগ্ন এলাকার নারীরা বাড়িতে রান্নাবান্নার কাজ করছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয় একটি কবরস্থান থেকে দু’টি বড় শিয়াল বাড়িতে ঢুকে যাকে যেখানে পেয়েছে সেখানে কামড় দিয়ে আহত করেছে।
সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক মন্ডলও ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেএইচ





