চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রবিউল ইসলাম (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৫ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, দুপুর ১২টার দিকে পৌর এলাকার মর্দানা চকপাড়া গ্রামে নিজ জমিতে কাজ করার সময় তাকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা।

 

নিহত রবিউল মরদানা গ্রামের নুরুল ইসলাম নজুর ছেলে। তিনি পৌর কাউন্সিলর আব্দুস সালামের অনুসারী বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে জমিতে কাজ করার সময় দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালিয়ে ও এলোপাতারি কুপিয়ে আহত করে তাকে। এ সময় তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোয়া ৫টার দিকে তার মৃত্যু হয়।

রামেক হাসপাতালের একটি সূত্র জানায়, দুর্বৃত্তরা রবিউলের হাত-পায়ের রগ কেটে দিয়েছে। এছাড়া, তার শরীরের অন্যান্য অংশে কুপিয়েছে।

রামেক হাসপাতালের চিকিৎসক মজিবুর রহমান রবিউলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, ঘটনার জন্য আব্দুস সালাম তার প্রতিদ্বন্দ্বী সাবেক পৌর কাউন্সিলর শফিকুল ইসলাম পাশবানকে দায়ী করেছেন।

তিনি জানান, সম্প্রতি পাশবানের লোকজন মরদানায় সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছে। এলাকায় বোমার মজুদ গড়েছে। আর এ কারণেই কয়েকদিন আগে এক শিশু বোমায় গুরুতর আহত হয়েছে। আর তারা রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল জানান, ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

এমকে