প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মোতাইরি।

রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবণে মন্ত্রীর নিজ দফতরে বৃহস্পতিবার সকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে সৌদি আরবে বাংলাদেশী কর্মী নিয়োগ এবং দ্বিপাক্ষিক সম্পর্কসহ উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাতের শুরুতেই দুই দেশের বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বের কথা স্মরণ করতে গিয়ে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় ভাল ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

সৌদি আরবের শ্রম আইন সংশোধন করায় সৌদি সরকারকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সংশোধনী আইন প্রবাসী শ্রমিকদের কল্যাণে আসবে।

সাক্ষাৎকালে মন্ত্রী বাংলাদেশ থেকে দক্ষ ও আধাদক্ষ কর্মী নেওয়ার জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধাদক্ষ শ্রমিক নেওয়ার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ জানান।

সৌদি আরবের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ থেকে কর্মী গ্রহণের বিষয়ে সৌদি সরকার সবসময় আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। এ ব্যাপারে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করবেন এবং এ বিষয়ে তার দেশের সরকারের সাথে আলোচনা করবেন।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র আসন্ন সৌদি আরবের সফরকে স্বাগত জানিয়ে তিনি বলেন, এ সফরটি বাংলাদেশের জনশক্তি রফতানি ও দুই দেশের সম্পর্কে আরও সুদৃঢ় করে তুলবে। এই সফরের বিষয়ে তিনি সার্বিক সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. খন্দকার ইফতেখার হায়দার, যুগ্মসচিব (কর্মসংস্থান ও শ্রম বাজার গবেষণা) মো. আবদুর রউফ, যুগ্মসচিব (কর্মসংস্থান ও পলিসি) কাজী আবুল কালাম, মন্ত্রীর একান্ত সচিব মুঃ মোহসিন চৌধুরী এবং সৌদি আরবের চিফ অব কনসুলেট ডিভিশনের কাউন্সিলর মি. খালিদ বকস্ উপস্থিত ছিলেন।

কেএইচ