আমার স্বামীকে ফিরিয়ে দেন, আমার স্বামীকে যে কোন মূল্যে আমার পরিবারের কাছে ফিরিয়ে দেন, আমার বাড়ি গোপালগঞ্জ, আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, আমার আব্বুকে ফিরিয়ে দেন- এভাবেই এক স্বামীহারা নারী মিনা আমিন ও পিতাহারা সন্তান আলী আহসান মো. মুজাহিদ আকুতি জানাচ্ছিলেন।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তারা এ আবেদন করেন।
মঙ্গলবার বেলা ২টার সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মিরপুরের পল্লবীতে সরদ ফ্যাশনের শ্রমিক মো: আমিনুল ইসলামের সন্ধানের দাবীতে ‘জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন’ এই মানববন্ধনের আয়োজন করে।
এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও পেশাজীবী পরিষদের ভারপ্রাপ্ত আহবায়ক রুহুল আমিন গাজী বলেন, ৫ তারিখ আমিনুল ইসলামকে প্রকাশ্য দিবালোকে তুলে নেয়া হয়। কিন্তু আইনশৃংখলা বাহিনীর লোকজন এখনো এ বিষয়টি স্বীকার করেননি।
রুহুল আমিন গাজী আরও অভিযোগ করেন, এর আগেও অনেককে গুম করার পর হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাদের মৃত লাশ পাওয়া যায়। এটা এখন একটা সাধারণ বিষয়ে পরিণত হয়েছে।
গাজী বলেন, আমিনুল ইসলাসকে নিয়ে তাল-বাহানা করবেন না। তিনি একজন সাধারণ শ্রমিক। তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেন। আজ মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হচ্ছে,বেচেঁ থাকার অধিকার পর্যন্ত কেড়ে নেয়া হচ্ছে।
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কবি আব্দুল হাই সিকদার বলেন, যে কর্মী দেশের মুদ্রাকে শক্তিশালী করে, সেই গার্মেন্টস শ্রমিক আজ নিখোঁজ। আগেও আমরা অনেক গুম-খুন ও বিচার-বহির্ভূত হত্যা দেখেছি, আমরা এসবের অবসান চাই। আমিনুল ইসলামকে আমাদের কাছে ফিরিয়ে দিন।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সিকদার আরও বলেন, ইয়াহিয়া খানের সৈন্যবাহিনী আরো অনেক বেশী ছিল, কিন্তু তিনি ক্ষমতায় থাকতে পারেন নাই। আপনিও পারবেন না। আপনার পদত্যাগের মাধ্যমেই দেশে শান্তি ফিরিয়ে আসবে।
উল্লেখ্য, গত ৫ মার্চ দুপুরের খাবার বিরতিতে কারখানা থেকে বের হয়ে আমিনুল ইসলাম আর বাসায় ফিরেনি। অনেক খোঁজা-খুজির পরও তাকে না পেয়ে পরিবারের পক্ষ থেকে ৬/৩/১৫ তারিখ পল্লবী থানায় একটি সাধারণ ডায়রী করা হয়, যার নং ৪০৩। কিন্তু আজ পর্যন্ত আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী আমিনুলের কোন খোঁজ দিতে পারেনি।
ফেডারেশনের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক নেতা সাফায়াত ইবনে মইন, শহিদুল ইসলাম, ফেডারেশন অন্যান্য নেতৃবৃন্দ ও আমিনুল ইসলামের পরিবারের সদস্যরা।
এমএ/এসএইচ





