শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, স্বাধীনতা বিরোধী চক্রের সঙ্গে ঐক্য করা সম্ভব নয়। যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের আর কিছুতেই প্রশ্রয় দেওয়া যাবে না।

যারা এই দেশকে ভালবাসে না, এই দেশকে স্বীকার করে না, এখনো যে অপশক্তি এই দেশে রয়েছে তাদের সহায়তায় যে কার্যক্রম চলছে অবশ্যই তা বন্ধ করতে হবে, যোগ করেন মন্ত্রী।

রোববার (২৪ জুলাই) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে মন্ত্রী বলেন, ওনারা জাতীয় ঐক্যের ডাক দেন। স্বাধীনতা বিরোধী, জেএমবির আশ্রয়দাতাদের সঙ্গে কখনও জাতীয় ঐক্য করা সম্ভব নয়। ওই ফাঁদে আওয়ামী লীগ পা দেবে না।

জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রাকিব, জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিস কুমার মল্লিক প্রমুখ।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান ও পিপি আব্দুল মান্নান রসুল উপস্থিত ছিলেন।

জেলা ও উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে মন্ত্রী সদর উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

ওএফ