করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৯৬ জনে।
একইদিনে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ১৮ জন। ফলে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব তিনজন এবং ষাটোর্ধ্ব তিনজন। বিভাগওয়ারী হিসেবে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, চট্টগ্রামে দুইজন এবং বরিশালে একজন মারা যান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ২১৯টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২৯৯টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ৩৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে নতুন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৮ জন। এনিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৩ হাজার ১০৫ জন। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৫ দশমিক ৯৮ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।
আজ (১০ মার্চ) পর্যন্ত মৃতদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪২৪ জন (৭৫ দশমিক ৬১ শতাংশ) ও নারী ২ হাজার ৭২ জন (২৪ শূন্য ৩৯ শতাংশ)।
এমবি





