ঝিনাইদহের কালীগঞ্জে পুলিশ পরিচয়ে সোহানুর রহমান সোহান নামের এক কলেজ ছাত্রকে অপহরণ করা হয়েছে। তবে পুলিশ বিষয়টি অস্বীকার করেছে। সোহান কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মহাসিন আলীর ছেলে ও শহীদ নুর আলী কলেজের একাদশ শেণীর ছাত্র। রবিবার বিকেল থেকে তার কোন খোঁজ নেই।

এর আগে গত ৪ মার্চ কালীগঞ্জ শহরের চাপালী গ্রাম থেকে শিবির নেতা আবুজার গিফারী ও ২৫ মার্চ ঝিনাইদহ কেসি কলেজের ছাত্র শামিমকে কালীগঞ্জ মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছেন।   সোহানের বাবা মহাসিন আলী জানান, রবিবার বিকেল ৫টার দিকে সোহান ঢাকা থেকে আসা অসুস্থ মাকে আনার জন্য ঈশ্বরবা গ্রামের জামতলা নামক স্থানে দাড়িয়ে ছিল।

এ সময় পুলিশ পরিচয় দিয়ে সাদা পোশাকের ৪/৫ জন লোক সোহানকে জিজ্ঞাসা করে তোমার নাম সোহান ? তোমার বাবার নাম মহাসিন আলী ? তারপর সাদা পোশাকে পুলিশ পরিচয়কারীরা সোহানকে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায়।

এরপর থেকে সে নিখোঁজ। এ ব্যাপারে পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তারা অস্বীকার করছে। তিনি জানান, তার ছেলে কলেজছাত্র এবং তার বিরুদ্ধে থানায় কোন অভিযোগ নেই।কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, তিনি বিষয়টি শুনেছেন।

পুলিশ সোহানকে আটক করেনি। এ ঘটনায় সোহানের পরিবার পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেয়নি। তবে গত মাসে ২ জনসহ ৩ জনকে অপহরণের ঘটনায় পুলিশ উদ্বিগ্ন। কারা এ কাজটি করছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আর সোহানের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি বলে ওসি জানান।

এআই