বগুড়া শহর থেকে জামায়াতের ১৬ নেতাকে আটক করেছে পুলিশ। শহরের চকফরিদ এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

রোববার রাতে বার্তার মাধ্যমে জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার (এএসপি) গাজিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বৈঠক হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রোববার বেলা ২টার দিকে জেলা পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ জেলা শহরের চকফরিদ এতিম খানায় যৌথ অভিযান চালিয়ে একটি রুম থেকে জামায়াতের ১৬ নেতাকে আটক করেছে পুলিশ। আটককালে তাদের কাছ থেকে কিছু নোট বই, ডায়েরিসহ একটি ধর্মীয় বই পাওয়া গেছে।   

আটককৃতরা হলেন- বগুড়ার সোনাতলা উপজেলা আমীর ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মন্ডল (৬০), আদমদিঘী উপজেলা জামাতের রোকন সদস্য আব্দুল জব্বার (৬৬), সদস্য আহসান হাবিব (৬৫) ও আব্দুর রউফ (৬৩), জেলা সদরের জামায়াত নেতা এইচ. এম. এনামুর কাদির (৬৪), দুপচাচিয়া জামায়াতের সদস্য নজরুল ইসলাম (৬২), গোলাম মোস্তফা (৬২)ও ইয়াকুব আলী (৬৫), শেরপুর উপজেলা জামায়াতের সদস্য মোসলেম উদ্দিন(৫৫), গাইবান্ধা জেলার নায়েবে আমীর, রংপৃর বিভাগীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি আব্দুল ওয়ারেছ (৬২), ঢাকা জেলার উত্তরা এলাকার জামায়াত নেতা ও জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি এস মোসলেম উদ্দিন(৬৬), লক্ষীপুর জেলার জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সহ-সভাপতি ফজলুল হক(৬৭), শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি হাসান আলী (৬৫), একই উপজেলা জামায়াতের সদস্য ও মাঝিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিরাজুল (৫৯) ও সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলা জামায়াতের সদস্য আব্দুর রশিদ (৫৮)।

এএসপি গাজিউর জানান, আটককৃতদের অনেকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে, জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।

ঢাকা, ২৩ জুন(টাইমনিউজবিডি.কম)//এএইচ