ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বড়মৌকুড় গ্রামে দু’পক্ষের সংঘর্ষে আহত আব্দুল ওয়াহাব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার অফিসার ইন চার্জ (ওসি) এম এ হাশেম খান জানান, মঙ্গলবার সকালে বড়মৌকুড় গ্রামের জালাল উদ্দিনের গরু প্রতিবেশী মিজানুর রহমানের ক্ষেতের ধান খেয়ে ফেলে। এনিয়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে আব্দুল ওয়াহাবসহ অন্তত ১০ জন আহত হন। অবস্থা গুরুতর হওয়ায় আহতদের মধ্যে আব্দুল ওয়াহাবকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেএইচ





