এবার বরিশালের আগৈলঝাড়ায় ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে হাবিবুর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক ও ৫ কনস্টেবলসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার বরিশালের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগৈলঝাড়ার পশ্চিম বাঘদা গ্রামের মো. মোকলেসুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, আগৈলঝাড়া থানার কনস্টেবল মনির হোসেনসহ অজ্ঞাত ৪ জন এবং স্থানীয় বাসিন্দা শহীদুল মিয়া, জব্বার মিয়া, শাহীন মিয়া, মাসুদ মিয়া ও মান্নান মিয়া।
মামলার বিবরণ থেকে জানা যায়, দীর্ঘ ৭ বছর পরে বাদীর স্ত্রী একটি পূত্র সন্তান প্রসব করলে বাদীর পরিবার খুশি হয়ে গত ২০ ফেব্রুয়ারি একটি ওরশ ও দেয়া মাহফিলের আয়োজন করে।
ওই দিন অনুষ্ঠানে ১০ টি খাসি ও একটি গরু জবাই করে কয়েকশত লোকের খাবারের আয়োজন করে বাদীর পরিবার। বিকেল ৪ টার দিকে উপ-পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশ কনস্টেবল বাদীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।
এ টাকা না দিতে চাইলে পুলিশ সদস্যরা মামলার অন্য আসামিদের সহায়তায় মেহমানদের পিটিয়ে আহত করে তাড়িয়ে দেয় এবং খাবার-দাবার মাটিতে ফেলে দেয়।
আদালতের বেঞ্চ সহকারী শাহাদাত হোসেন জানান, মামলাটি আমলে নিয়ে বিচারক মোঃ শিহাবুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) কে তদন্তের নির্দেশ দিয়েছেন।
এসএম





