ময়মনসিংহে বিশেষ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, গ্রেফতারকৃতরা আন্তজেলা ডাকাতদলের সদস্য। তাদের বিরুদ্ধে একাধিক ডাকাতির মামলা রয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ই-মেইল বার্তায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন- বরিশালের মো: আনিস (৫৮), ঢাকার মিরপুরের মো: আ: লতিফ (৪২), টাঙ্গাইলের সখিপুরের মো: হানিফ (৫০), সিরাজগঞ্জের মো: আমিনুল ইসলাম (২০), নীলফামারীর মো: আলতাফ হোসেন (৩৫) এবং ময়মনসিংহের মো: আতিকুল ইসলাম (২৮)।
গোয়েন্দা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ত্রিশাল থানার গুজিয়াম চৌরাস্তায় ডাকাতির প্রস্তুতির সময় ডাকাতদের গ্রেফতার করা হয়। এ সময় ৬টি দেশীয় অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের রিমান্ড চেয়ে আজ বিকেলে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি শফিকুল।
এমবি





