স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিডফোর্ট) লিফটে আটকে পড়ে রোগীর মৃত্যুর ঘটনায় দুইজনকে সাময়িক বরখাস্ত, একজনকে চাকরিচ্যুত ও শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।
হাসপাতালের হিসাব রক্ষণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনোয়ার হোসেন ও ওয়ার্ড মাস্টার মো. ইসহাককে বরখাস্ত করা হয়েছে। অপরদিকে লিফটম্যান মো. সিরাজকে চাকুরিচ্যুত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) এএন শামসুদ্দিন আজাদ চৌধুরীর নেতৃত্বে একটি দল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের সময় এ ব্যবস্থা নেন।
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নূরুল হক এবং পরিচালক (হাসপাতাল) ডা. আ. হান্নান এ দলে ছিলেন।
ঘটনার সার্বিক বিষয়ে তদন্ত করতে ঢাকা বিভাগীয় পরিচালককে (স্বাস্থ্য) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটিকে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
প্রসঙ্গত, পুরান ঢাকার মিডফোর্ট হাসপাতালে শুক্রবার বিকেলে দেড়ঘণ্টা লিফটে আটকে সুলতানা বেগম (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়।
[b]ঢাকা,২২,মার্চ,টাইমনিউজবিডি//জেইউ[/b]