রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে ক্ষমতাসীন আওয়ামী লীগ জোটের অন্যতম শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির দখল করা জায়গাটি উচ্ছেদ করেছে ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ওয়াসার এই জায়গায় টানানো ওয়ার্কার্স পার্টির ব্যানার, ফেস্টুন খুলে নিয়ে নিজেদের জায়গার পুনর্দখল নেয় ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ।
ঢাকা ওয়াসার ডেপুটি সেক্রেটারি (ল্যান্ড) আলমগীর হোসেনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ শেষে কানুনগো দিয়ে জায়গার মাপও নেন তারা।
ঢাকা ওয়াসার ডেপুটি সেক্রেটারি (ল্যান্ড) আলমগীর হোসেন বলেন, ‘এটা আমাদের (ঢাকা ওয়াসা) জায়গা। এই যে কিছুক্ষণ আগে আমাদের ডিএমডি সাহেব ফোন দিয়ে বলেছেন, এখানে লাগানো সব কিছু (সাইনবোর্ড, ফেস্টুন) ফালাইয়া দিয়া আসেন, ওরা (ওয়ার্কার্স পার্টি) কাগজপত্র দেখিয়ে এসব (জব্দ করা ব্যানার) নিয়ে যাক।’
জায়গার পরিমাণ সোয়া এক কাঠা জানিয়ে তিনি বলেন, ‘এখানে পাবলিক ডাম্পিং ছিল। এখানে অচিরেই ডিপ-টিউবওয়েল বসানো হবে।’
৪-৫ দিন আগে সেগুনবাগিচার ওয়াসার এই জায়গাটি দখলে নিয়ে ওয়ার্কার্স পার্টির সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর একাধিক পত্রিকায় খবরও প্রকাশিত হয়। উচ্ছেদের আগ মুহূর্তেও ওই জায়গায় একটি সাইনবোর্ড, একটি ফেস্টুন ও একটি ব্যানার ছিল ওয়ার্কার্স পার্টির। সাইনবোর্ডে বড় করে লেখা ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি-কেন্দ্রীয় কাযালয়। ব্যানারে ওই জায়গা দখল নিয়ে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিও টানায় ওয়ার্কার্স পার্টি।
উল্লেখ্য, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অন্যতম শীর্ষ নেতা এবং সরকারের বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রী।
এএইচ





