ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল নামক এলাকায় শাহিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় পুলিশের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই করে নিয়ে যায় তার স্বজনরা। এ সময় ৫ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আহতরা হলেন- এএসআই শামিম (৩৫), সাব ইন্সপেক্টর তারিকুল ইসলাম (৩০), গোবিন্দ (২৮), হাবিব (৩৫), ও কনেস্টবল পলাশ (৩৩)। পরে চরফ্যাশন থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
ওই সময় পুলিশ মাদক ব্যবসায়ী শাহিনের আত্মীয় ও পুলিশের উপর হামলাকারী আয়শা (৩০), নাজমা (২৮), নাহার (২৪) ও শরীফকে (৩৮) গ্রেফতার করে। মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নীলকমল ইউনিয়নের চর যমুনা গ্রামে এ ঘটনা ঘটে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামূল হক জানান, পুলিশ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে নিয়ে আসার সময় তার আত্মীয়রা পুলিশের উপর মরিচের গুড়া, দা, বটি, নিয়ে হামলা চালিয়ে আসামীকে ছিনতাই করে নেয়। এসময় ৫ জন পুলিশ সদস্য আহত হন।
ঘটনা শুনে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত পুলিশদের উদ্ধার করে এবং হামলাকারী ৪ জনকে গ্রেফতার করে। তবে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
এমএনজে





