তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ জানিয়েছে, আগামী সাত কর্ম দিবসের মধ্যে তোবা গ্রুপের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সৃষ্ট সমস্যার সমাধান করা হবে।
বৃহম্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, সমস্যা সমাধানে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান কচি বলেন, ‘তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিক তিন মাস ধরে বেতন পাচ্ছে না। বিষয়টি আমরা সরকারকেও জানিয়েছিলাম। তোবা গ্রুপের মালিক জেলে থাকার কারণে সমস্যাটির সমাধান করা যায়নি।’
তিনি দাবি করেন, ‘এ আন্দোলনটি ন্যায্য ও যৌক্তিক। তাই প্রথম থেকেই সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
তোবা গ্রুপের শ্রমিকেরা ঈদ করেছে অনশনরত অবস্থায়। তাদেরকে দেখতে বা সমবেদনা জানাতেও বিজিএমইএ-এর পক্ষ থেকে কেউ যাননি। শ্রমিকদের সমস্যা সমাধানেও কোন উদ্যোগ নেননি। এ বিষয়ে সংগঠনটির সাবেক সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘ঈদের ছুটি থাকার কারণে সবাই বাড়ি গিয়েছিল। এ কারণে কেউ যেতে পারেনি।’
ঢাকা, ৩১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





