অপহরণের ১০ দিন পর এক গারো আদিবাসীকে পায়ে শেকল বাঁধা অবস্থায় জামালপুরের মেলান্দহ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

 এ ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।

সোমবার সন্ধ্যায় জামালপুরের পুলিশ সুপার সাংবাদিকদের জানান, লংগর কবিরাজ নামে এক ব্যক্তি গারো পাহাড় এলাকায় ঔষধি গাছপালা সংগ্রহ করতে গিয়ে বকশীগঞ্জের সীমান্তবর্তী গ্রাম সানখানপাড়া টিলপাড়া গ্রামের আদিবাসী রবি ডালবতের সঙ্গে সখ্য গড়ে তোলে।

প্রায়ই লংগর কবিরাজ পাহাড়ে ভারত বাংলাদেশ সীমান্তে মূল্যবান সীমানা পিলারের সন্ধ্যান দিতে রবিডালবতকে প্রলুদ্ধ করতো। এ অবস্থায় গত ২৫ অক্টোবর লংগর কবিরাজ পাহাড়ে গাছ গাছড়া তোলার কথা বলে রবি ডালবতকে বাড়ি থেকে ডেকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এরপর থেকে রবি ডালবতের খোঁজ মিলছিল না। দুদিন পর লংগর কবিরাজ অনিক পরিচয় দিয়ে রবি ডালবতের মোবাইল দিয়ে তার স্ত্রী শেরুলা খকসির কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নাহলে তার স্বামীকে হত্যার হুমকি দেয়া হয়। কিন্তু দরিদ্র শেরুলা মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হলে অপহরণকারীরা মোবাইলে যোগাযোগ বন্ধ করে দেয়।

এঅবস্থায় সোমবার শেরুলা জামালপুরের পুলিশ সুপারের নিকট তার স্বামীকে উদ্ধারের আবেদন করেন। পুলিশ সুপারের নির্দেশে জামালপুরের পুলিশ অভিযান চালিয়ে  বিকাল ৩টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের একটি বাড়ি থেকে পায়ে শেকল বাঁধা অবস্থায় রবি ডালবতকে উদ্ধার এবং আসামী আলীমুল রাজী চৌধুরী রনি, লংগর ওরফে দুলাল কবিরাজ ও তার ড্রাইভার আব্দুস সালামকে গ্রেফতার করে।

জেআই