স্বামীকে কুপিয়ে হত্যার অপরাধে স্ত্রী ও তার প্রেমিকসহ চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার পিরোজপুরের জেলা ও দায়রা জজ মোঃ গোলাম কিবরিয়া এই আদেশ দেন।

আসামিরা হলেন- শিউলী বেগম (৩৬), আসাদ মাঝি (৩৬), ফরিদ আহমেদ ওরফে ফনি গাজী (৪৪) ও বেল্লাল মাঝি (৩৬)। রায় ঘোষণার সময় শিউলী উপস্থিত ছিলেন। তবে অন্য তিনজন উচ্চ আদালত থেকে জামিন নেয়ায় আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, জেলার জিয়ানগর উপজেলার দক্ষিণ কলারণ গ্রামের মনিরুজ্জামান ওরফে মানিক মাঝির (৩৬) স্ত্রী শিউলী বেগমের সাথে চাচাতো দেবর আসাদ মাঝির পরকীয়া ছিল। স্বামী মানিক বিষয়টি জানতে পেরে স্ত্রীকে এ পথ থেকে সরিয়ে আনার চেষ্টা করেন।

কিন্তু শিউলী প্রেমিক আসাদ মাঝিকে নিয়ে মানিককে হত্যার ষড়যন্ত্র করে। বেল্লাল হোসেন মাঝি ও ফরিদ গাজী নামের দূরসম্পর্কীয় দুই ভাইকে নিয়ে আসাদ ২০১০ সালের ২৫ মে মধ্যরাতে মানিককে খুন করে। ঐ দিন রাতে শিউলী শরবতের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে মানিককে খাওয়ায়।

গভীর রাতে মানিক ঘুমে অচেতন হয়ে পড়লে আসামিরা শিউলীর সহযোগিতায় ঘরে ঢুকে। তারপর চারজন মিলে মানিককে কুপিয়ে হত্যা করে।

ঘটনার পরের দিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে নিহতের ভাই মিজানুর রহমান থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রাষ্ট্রপক্ষের পিপি খান মোঃ আলাউদ্দিন, শিউলীর পক্ষে অ্যাডভোকেট দেলোয়ার হোসেন এবং বাকি আসামিদের পক্ষে অ্যাডভোকেট ফাতেমা বেগম লাকী মামলা পরিচালনা করেন।

এমআর