নিকটাত্মীয়দের নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রাজিব।

পথে তাদের বহনকারী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে রাজিবসহ সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন একই পরিবারের।

শনিবার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কে জেলার গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক এ প্রাণহানির খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে নেত্রকোনার দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় পাঁচ এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এ সময় আহত হয়েছে আরও অন্তত ২৫ শিক্ষার্থী। একই দিন এবং শুক্রবার রাতে কুমিল্লা, মাগুরা, রংপুর, মানিকগঞ্জ, হবিগঞ্জ, দিনাজপুরসহ ১৪ জেলায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ৩০৫ দিনে সড়কে প্রাণ হারালেন ২৬০৬ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-

রাজশাহী : গোদাগাড়ী মডেল থানার ওসি খাইরুল ইসলাম জানান, একটি প্রাইভেট কারে তিন নারী ও দুই শিশুসহ আটজন বিয়ের দাওয়াত খেতে রাজশাহী থেকে গোদাগাড়ী যাচ্ছিলেন। দুপুরে তাদের প্রাইভেট কারটি গোদাগাড়ীর কাদিপুর এলাকায় একটি বাসকে ওভারটেক করতে যায়। এ সময় কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। গাড়িটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। শিশুসহ গুরুতর আহত পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও চারজন মারা যান।

নিহতরা হলেন : রাজশাহী মহানগরীর মুন্নাফের মোড় এলাকার আক্কাস আলী (৪০), তার স্ত্রী হোসনে আরা (৩৫), তার মেয়ে মুসফেরা (১০), ছেলে আদিব আল হাসান (৪ মাস), মহানগরীর মেহেরচণ্ডি এলাকার মতিউর রহমানের ছেলে মাহবুবুর রহমান রাজিব (৪২), মহানগরীর নওদাপাড়া এলাকার পূর্ণিমা (২৮) এবং গোদাগাড়ী উপজেলার কেল্লাবাড়ি গ্রামের রমজান আলীর স্ত্রী আছিয়া বেগম (৩০)। এ ছাড়া নিহত আছিয়ার স্বামী রমজান আলী (৩৫) রামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী আজমল হক সুমন নামে স্থানীয় এক যুবক বলেন, প্রাইভেট কারটি প্রায় একশ’ কিলোমিটার গতিতে ছিল। ওভারটেকিংয়ের সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ থেকে বাঁচতে চালক ডানদিকের ফাঁকা জমিতে কারটি নামিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু এ সময় কারটি সরাসরি একটি কড়ই গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়। তিনি বলেন, কারটি ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে এর সামনের অংশ বিধ্বস্ত হয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরাও যুক্ত হন। গোদাগাড়ী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আবদুল খালেক বলেন, সন্ধ্যায় নিকটাত্মীয়দের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

নিহত চালক মাহবুবুর রহমান রাজিবের চাচাতো ভাই খালেদ মাহমুদ সোহাগ বলেন, রাজিব সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন। প্রাইভেট কারটি তার নিজেরই ছিল। তিনি পরিবারের সদস্যদের নিয়ে নগরীর কোর্ট এলাকায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় রাজিবসহ সবার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

নেত্রকোনা, দুর্গাপুর ও গৌরীপুর (ময়মনসিংহ) : শনিবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শালীহর হাজী আমির উদ্দিন উচ্চ বিদ্যালয়, শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসা ও ভোকেশনাল ইন্সটিটিউটের ৪৫ জন এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দুটি পিকআপ ভ্যানে দুর্গাপুরের বিজয়পুরে সাদা মাটির পাহাড় দেখতে আসে। সন্ধ্যার দিকে তারা বাড়ির উদ্দেশে রওনা হয়। রাত সাড়ে ৯টার দিকে তাদের বহনকারী একটি পিকআপ শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের দুর্গাপুর উপজেলার শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছলে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুই শিক্ষার্থী ও পরে হাসপাতালে তিনজন মারা যায়। এ সময় পেছনে থাকা শিক্ষার্থীবাহী আরেকটি পিকআপ দুর্ঘটনাকবলিত পিকআপটির সঙ্গে ধাক্কা খায়। এতে উভয় পিকআপের অন্তত ২৫ জন আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে, তারা হল- আশরাফুল ইসলাম, ইয়াসিন আহমেদ ও হৃদয়।

শালীহর এ মোতালেব বেগ দাখিল মাদ্রাসার সুপার মো. আবদুর রাজ্জাক বলেন, পরীক্ষা শেষে শিক্ষার্থীরা সম্মিলিতভাবে পিকনিকে গেছে বলে শুনেছি। তবে এটা আমাদের প্রতিষ্ঠানের অনুমোদিত বা আমাদের অবগত করে যায়নি।

কুমিল্লা : দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই যাত্রী ও এক পথচারীসহ ৩ জন নিহত হয়েছেন। শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসের আরও ১৫ যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন : বাসের যাত্রী মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকার রমজান, ঢাকার গেণ্ডারিয়া খেজুরবাগ এলাকার শফিকুল এবং পথচারী দাউদকান্দি উপজেলার চন্দ্রা এলাকার শাহীদ মোল্লা।

মাগুরা : প্রাইভেট কারের ধাক্কায় রাব্বি নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। সে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের রায়হান মৃধার ছেলে এবং মাগুরা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। শনিবার বিকালে গোয়ালবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর : বদরগঞ্জে বাসের ধাক্কায় মাসুদ (৩৫) নামে এক ট্রলিচালক নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের খাগড়াবন্দ এলাকার কোতোয়ালপাড়ার হবিবর রহমানের ছেলে। শনিবার দুপুরে বদরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের মীরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কে ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাসচাপায় মাসুদ রানা জীবন (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ রানা মানিকগঞ্জ সদর উপজেলার দীঘি ইউনিয়নের কড়চাবাঁধা গ্রামের সফিকুল ইসলামের ছেলে। মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সুপারভাইজার ছিলেন তিনি। পেশাগত দায়িত্ব পালনের জন্যই সকালে তিনি বাড়ি থেকে বের হন।

হবিগঞ্জ : মোটরসাইকেল চাপায় সিনথিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। সিনথিয়া শহরের নোয়াবাদ এলাকার রোপন মিয়ার মেয়ে। শুক্রবার বিকালে নাতিরাবাদ মাঠ প্রাঙ্গণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সিনথিয়া বাসা থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর (দিনাজপুর) : যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মমিনুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী সুলতানা (৩৫) আহত হন। শুক্রবার বিরামপুর উপজেলার বেগমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমিনুল ইসলাম হাকিমপুর উপজেলার লোহাচড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে।

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) : মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তামিম মুন্সী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার দুপুরে মুন্সীগঞ্জ-সিরাজদিখান রাস্তার পাইকপাড়া ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে। নিহত তামিম সিরাজদিখান উপজেলার পূর্ব ইছাপুরা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

সাতক্ষীরা : সাতক্ষীরা শহরের পলাশপোলে বাসের ধাক্কায় নিহত হন সাইকেল আরোহী মাটি শ্রমিক গোলাম রহমান। অপরদিকে তালার বালিয়া গ্রামে ট্রলির ধাক্কায় আহত প্রদীপ দাস মারা গেছেন। শনিবার পৃথক এ দুটি দুর্ঘটনা ঘটে।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) : নাগেশ্বরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কায় নিহত মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ সরকার পৌরসভার উত্তর বকসির খামার এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে। আহত হয় তৈয়ব আলী নামে একজন। শনিবার ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কের উত্তর ব্যাপারীহাট বাঁশের তল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বাঘা (রাজশাহী) : বাঘায় গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত মোটরসাইকেল আরোহী মনিগ্রামের গঙ্গারামপুর গ্রামের মেছের প্রামাণিকের ছেলে মাছ ব্যবসায়ী দিলদার হোসেন টিপু মারা গেছেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে তার মৃত্যু হয়। শুক্রবার মোটরসাইকেলে মীরগঞ্জ বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

কুলাউড়া (মৌলভীবাজার) : মৌলভীবাজার-কুলাউড়া সড়কের লুহাইউনি চা-বাগান এলাকায় শনিবার বাসের ধাক্কায় নিহত মোটরসাইকেল চালক সাইফুল কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরশঙ্কর এলাকার মাহমুদ আলীর ছেলে। তিনি আবুল খায়ের কোম্পানিতে মৌলভীবাজারে কর্মরত ছিলেন।

কুমিল্লা : মুরাদনগরে ট্রাকচাপায় নিহত মোটরসাইকেল আরোহী গাজী গ্রুপের বিক্রয় প্রতিনিধি ওমর ফারুক রংপুর জেলার চকবরখোদা গ্রামের আবদুল মালেক মিয়ার ছেলে। শনিবার কোম্পানীগঞ্জ-নবীনগর সড়কের চাপিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মীরসরাই (চট্টগ্রাম) : মীরসরাই উপজেলায় বাস-লরির সংঘর্ষে নিহত হয় বাসের হেলপার মো. মহসিন ভূঁঞা। এ ঘটনায় আহত হয় ১০ জন। শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নয়দুয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহসিন খইয়াছড়া ইউনিয়নের মসজিদিয়া মুহুরিপাড়ার হেঞ্জু ভূঁঞা বাড়ির জেবাল হোসেন টুনুর ছেলে।

বগুড়া : অজ্ঞাত যানবাহনের চাকায় পিষ্ট হয়ে আবু সাইদ সুইট (৪৫) নামে এক সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৭টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়রাদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সুইট কাহালু উপজেলার করেঞ্জাপাড়া গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি বগুড়া সংবাদপত্র হকার্স শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এএস