প্রেমিকার লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসাপাতালে রেখে পালিয়েছে প্রেমিক। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত প্রেমিকার নাম সাদিয়া আকতার কনা (১৬)। কনা রাজশাহী মহানগরীর উপকণ্ঠ মতিহার থানার চৌমুহনী বাজার এলাকার আজিজুর রহমান বাবুর মেয়ে।

কনার ভাই নোমান আলী জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার পরে পরিবারের সদস্যরা জানতে পারেন কনা তার রুমে নেই। এরপর পরিবারের সদস্যরা কনার খোঁজ শুরু করেন।
নোমান জানান, কনার সঙ্গে পার্শ্ববর্তী পাক ইসলামপুর এলাকার মৃত সাত্তার মণ্ডলের ছেলে ভুলু মিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বাড়িতে কনাকে না পেয়ে তার প্রেমিক ভুলু মিয়াকে ভোর ৪টার দিকে ফোনে যোগাযোগ করা হয়।

ভুলু মিয়া জানায়, কনা অসুস্থ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কনার বাবা আজিজুর রহমান বাবু জানান, কনার অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত রামেক হাসপাতালে আসেন। এরপর দেখতে পান, কনা মারা গেছে।

তিনি আরও জানান, কনা এবার এসএসসি পাশ করেছে। সে মেধাবী ছাত্রী ছিলো। তিনি এ ঘটনায় ভুলু মিয়াসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, প্রেমিক ভুলু মিয়া ও তার বন্ধুরা লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান শুরু হয়েছে।

ওসি জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই