বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আন্ডারগ্রাউন্ডে গিয়ে জঙ্গিবাদী সংগঠনে নাম লিখিয়েছেন বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
রোববার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার শ্রীপুর রেলওয়ে স্টেশনে এক সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।
রেলপথ ও ট্রেনে নাশকতারোধে রেলপথ মন্ত্রণালয় এ সভার আয়োজন করে।
মুজিবুল হক বলেন, ‘খালেদা জিয়ার ডানে বামে স্বাধীনতা বিরোধীচক্র। তাদের নিয়ে তিনি এখন দেশের মানুষ হত্যা করছেন। তিনি আন্ডারগ্রাউন্ডে চলে গিয়ে জঙ্গীবাদী সংগঠনে নাম লিখিয়েছেন। বাংলার মাটিতে খালেদা জিয়া ও তার দলের পরাজয় হবে।’
রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মনসুর আলী সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সাংসদ অ্যাডভোকেট রহমত আলী, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল।
নাশকতা করে ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। পেট্রোলবোমা মেরে, নাশকতা করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই। যেহেতু নির্বাচন কমিশনের আহবানে সাড়া দেননি তাই এখন নিরীহ মানুষ মেরে ক্ষমতায় যাওয়ার কথা ভাবছেন। আপনার কোনো গণতান্ত্রিক কর্মসূচি নেই। নিরীহ মানুষের কী দোষ?’
বিএনপি-জামায়াতের সমালোচনা করে রেলমন্ত্রী বলেন, ‘সর্বহারারা চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। আপনারাও তাই করছেন। সর্বহারারা নিশ্চিহ্ন হয়েছে, আপনারাও নিশ্চিহ্ন হবেন।’
এ সময় তিনি সকল শ্রেণীর মানুষকে একত্রিত হয়ে মানুষ হত্যার সকল কর্মসূচি প্রতিরোধের আহবান জানান।
মন্ত্রী শ্রীপুর রেলস্টেশনে পানীয় জলের সুবিধা, ওভারব্রিজ নির্মাণ, পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে হাওড় ও যমুনা এক্সপ্রেস এবং শাটল ট্রেন ‘তুরাগ’ এর যাত্রাবিরতি দেয়ার ঘোষণা দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, অতিরিক্ত মহা পরিচালক হবিবুর রহমান, গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোস্তফা কামাল, রেলওয়ে পুলিশের ইউ মহা পরিদর্শক (ডিআইজি) এস এম রুহুল আমীন, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাদেকুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, গাজীপুর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমীর হামজা, তেলিহাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ও শ্রীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি নূরুন্নবী আকন্দ, শ্রীপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি কমর উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান জামান, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সফিকুর রহমান সফিক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি কামাল ফকির ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
জেআই





