লঘুচাপের কারণে সারা দেশে আরও দুই দিন বৃষ্টি হবার প্রবণতা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  একই সঙ্গে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটির কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত হওয়ায় উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রামে। এখানে ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

এছাড়া খুলনায় ৯০, বরিশাল ৭৬, ময়মনসিংহ ৫২, ঢাকায় ৪৯, সিলেটে ৩২, রাজশাহী ৩১ এবং রংপুরে ৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এমবি