রাজধানীর যাত্রাবাড়ী বালুরমাঠ সংলগ্ন রাস্তায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. শহীদ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আলমগীর (৩০) নামে আরেক যুবক। শুক্রবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শহীদের বাবার নাম আব্দুল কাদের। তাদের বাড়ি কুমিল্লার মেঘনা উপজেলার হরিপুর গ্রামে। যাত্রাবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় তারা গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শহীদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের এসআই বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
এসএ





