আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের মল্লিকপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক নূর ইসলাম মৃধাকে (৫০) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।
মঙ্গলবার দুপুরে পারমল্লিকপুর গ্রামে নূর ইসলামের বাড়িতে অর্তকিত হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার পারমল্লিকপুর গ্রামে ঠাকুর এবং মৃধা বংশের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার সকালে দুইপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
পরে ঠাকুর পক্ষের লোকজন নূর ইসলাম মৃধার বাড়িতে হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নূর ইসলামের এক মেয়ে, ভাতিজাসহ আরো ১০জন আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, রাজনৈতিক কারণে এ হত্যাকান্ডের ঘটনা না ঘটলেও প্রতিপক্ষের লোকেরা আওয়ামী লীগ সমর্থিত।
সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
এসএম





