চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকা থেকে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেল থেকে রাতভর গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আব্দুল কাদের (২৪), মো. আলী (২৫) ও মো. নুরুল আলম (৪০)। এদের মধ্যে কাদের বাকলিয়ার মিয়াখান নগর এলাকার বাসিন্দা। নুরুল আলম কক্সবাজারের টেকনাফে থানার বাসিন্দা।

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ১ হাজার ৪০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

এদের মধ্যে আব্দুল কাদেরকে সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে বাকলিয়া ইসহাকের পুল এলাকা থেকে ৪০পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তার প্যান্টের পকেটে ইয়াবাগুলো লুকানো ছিল।

শাহ আমানত সেতু এলাকায় রাত পৌনে ১০টার দিকে এস আলম বাসের যাত্রী মো. আলীর দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবাগুলো বিশেষ কৌশলে মলদ্বারের কাছে লুকিয়ে রেখেছিল সে।

একইভাবে মলদ্বারের লুকিয়ে রাখা অবস্থায় ৮০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী নুরুল আলমকে। শাহ আমানত সেতু এলাকায় মঙ্গলবার ভোর সাড়ে তিনটার দিকে সৌদিয়া বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এসএইচ