রাজধানীর ডেমরায় প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীকে মারধর করেছে বখাটেরা। দীর্ঘদিন উত্যক্তের পর তারা শনিবার দুপুরে ওই ছাত্রীকে মারধর করে। এ ঘটনায় অভিযুক্ত দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

ছাত্রীর ভাই জানান, তার বোন ডেমরার একটি কলেজে বিএ (পাস কোর্স) দ্বিতীয় বর্ষে পড়াশুনা করেন। কলেজে যাওয়া-আসার পথে স্থানীয় বখাটে ইমরান, রাকিব, বাবু ও ম্যাক বাবুসহ কয়েকজন মিলে তাকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল। কিন্তু বোন এতে রাজি হয়নি।

তিনি আরও জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে বখাটেরা দুপুরে কলেজ থেকে বাসায় ফেরার পথে কোনাপাড়ার নূরানী মসজিদ সংলগ্ন রাস্তায় বোনের পথ রোধ করে তাকে মারধর করে। এ সময় তারা ইট দিয়ে তার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেটে গেছে।

পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করবেন বলেও ছাত্রীর ভাই জানান।

এদিকে, উত্ত্যক্ত ও মারধরের ঘটনায় অভিযুক্ত বাবু ও ম্যাক বাবু নামে দু’জনকে আটক করে ডেমরা থানা পুলিশ।

ডেমরা থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি শুনে তদন্ত শুরু করা হয়েছে। এ ছাড়া দুই বখাটেকে আটক করা হয়েছে। এখন ছাত্রীর পরিবারের সদস্যদের কাছ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কেএইচ