রাজধানীর কদমতলী থানার পাটেরবাগ এলাকার একটি বাড়ি থেকে জেসমিন আক্তার (১৭) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জেসমিন আক্তারকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কদমতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) আব্দুস সালাম মিয়া জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখে এটাকে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। এ হত্যাকাণ্ড বৃহস্পতিবার রাত ১০টা থেকে ২টার মধ্যে ঘটানো হয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি উদ্ধার করে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতালে) পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি। তবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

কেএইচ