হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে দু’পক্ষের সংঘর্ষে জনাব আলী (৪০) নামে এক ব্যক্তি নিহত ও উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহত জনাব আলী বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামের মহফিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মন্দরী গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান সামসু মিয়ার সঙ্গে একই গ্রামের আলফি মিয়ার জমি সংক্রান্ত পূর্ব বিরোধ ছিলো। এর জের ধরে শনিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে ঘটনাস্থলেই জনাব আলী নিহত হন।
পরে খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে।
বানিয়াচং থানার অফিসার ইন চার্জ (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
কেএইচ





