পাবনায় যুবলীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষে জামায়াত-শিবিরের ১৫ কর্মী আহত হয়েছেন।
বুধবার দুপুর ২টার দিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাইদীর বিরুদ্ধে দেওয়া ‘আমৃত্যু কারাদণ্ড’ রায়ের প্রতিবাদে জামায়াত-শিবির মিছিল বের করলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাদ জোহর পাবনা শহরে জামায়াত-শিবির কর্মীরা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের ইন্দিরা মোড়ে পৌঁছুলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এসময় জামায়াত-শিবিরের ১৫ জন নেতাকর্মী আহত হন। তবে প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ ব্যাপারে পাবনা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি রেজাউল করিম জানান, তাদের নেতা মাওলানা দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু রায়ের প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল বের করলে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা। এসময় তাদের ১৫ নেতাকর্মী আহত হন।
পাবনা সদরের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ জানান, জামায়াত শিবিরের সশস্ত্র সন্ত্রাসীরা মিছিল থেকে শহরে নাশকতা ও জানমালের ক্ষতি করার পাঁয়তারা করছিল। উপস্থিত যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তা প্রতিহত করেছে মাত্র।
পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার রোকনুজ্জামান মিয়া ঘটনার সত্যা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়েছে। তবে পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





