গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর ও জয়পুর গ্রামে সাঁওতালদের উপর হামলা ঘরবাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। উপজেলার রামপুরা গ্রামের মাহালি পাড়ার মৃত সমেস স্বর মুরমু'র ছেলে স্বপন মুরমু বাদী হয়ে বুধবার রাতে গোবিন্দগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

এতে অজ্ঞাতপরিচয় ৬০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে গ্রেফতার করেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় গ্রেফতাররা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার চক রহিমাপুর গ্রামের মৃত মনির উদ্দিনের ছেলে মানিক সরকার (২৬), একই গ্রামের মৃত হাসেন আলীর ছেলে বাদশা মিয়া (৫০), তরফকামাল গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে চয়ন মিয়া (২৫), সাহেবগঞ্জ গ্রামের মৃত আব্দুল জোব্বারের ছেলে আব্দুর রশিদ (৬০) এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে শাহনেওয়াজ (৩৮)।

৬ নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জের রংপুর চিনিকলের জমি উদ্ধারকে কেন্দ্র করে সাঁওতালদের উপর হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। তাদের মধ্যে ৩ জন মারা যান। তারা হলেন শ্যামল হেমরম, মঙ্গল মার্ডী ও রোমেশ সরেন।

জারিফ