একুশে পদক প্রাপ্ত যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদ কাদরী (৭৪) মারা গেছেন।নিউ ইয়র্কের নর্থ শোর বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানীয় সময় রবিবার সকাল ৭টার দিকে তিনি মারা যান।
কবিপত্নী নীরা কাদরী জানান, বেশ কিছু দিন ধরে শহীদ কাদরী অসুস্থ ছিলেন। উচ্চ রক্তচাপ এবং জ্বর নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সাত দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার সকাল ৭টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
কবি শহীদ কাদরী প্রায় পাঁচ দশক ধরে যুক্তরাষ্ট্রপ্রবাসী। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তাঁর জন্ম হয়েছিল ঢাকায় ১৯৪২ সালের ১৪ আগস্ট। উচ্চ রক্তচাপ এবং তাপমাত্রাজনিত গুরুতর অসুস্থ হয়ে গত সোমবার নর্থ শোর হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তাঁকে আইসিইউতে রাখা হয়।
কবির একমাত্র ছেলে আদনান কাদরী জানিয়েছেন, তাঁর বাবার জানাজা ও দাফনের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সবার সঙ্গে পরামর্শ করে তা ঠিক করা হবে।
একুশে পদকপ্রাপ্ত শহীদ কাদরীর ৭৪তম জন্মদিন ছিল গত ১৪ আগস্ট। সেদিন বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জ্যামাইকার নিজ বাসভবনে ভক্ত-অনুরাগীরা কবিকে ফুল দিয়ে, গান গেয়ে ভালোবাসায় সিক্ত করেন।
কবির মৃত্যুর খবরে নিউইয়র্কে প্রবাসী বাঙালিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই ছুটছেন হাসপাতালের দিকে। নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান জানিয়েছেন, মৃত্যুর খবর শুনে তিনি হাসপাতালে যাচ্ছেন।
কবি শহীদ কাদরী ১৯৪৭-পরবর্তীকালের বাংলা সংস্কৃতির বিখ্যাত কবিদের একজন।তিনি আধুনিক নাগরিক জীবনের প্রাত্যহিক যন্ত্রণা ও ক্লান্তির অভিজ্ঞতাকে কবিতায় রূপ দিয়েছেন।
এআই





