পাবনার আতাইকুলা থানার বনগ্রাম বাজার থেকে পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল (লাল পতাকার) আঞ্চলিক নেতা সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিককে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
রোববার দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্দিক সদর উপজেলাধীন আতাইকুলা থানার পদ্মবিলা গ্রামের কয়ের আলীর ছেলে।
আতাইকুলা থানার অফিসার ইন চার্জ (ওসি) ফাইজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা পুলিশ জানতে পারে, চরমপন্থি নেতা সিদ্দিক অস্ত্রসহ বাজারের একটি ঘরে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে সেখানে অভিযান চালিয়ে সিদ্দিককে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি একনালা বন্দুক ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার সিদ্দিক চরমপন্থি দল নকশালের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে আতাইকুলা থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, অপহরণ, ডাকাতিসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





