গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারে চিকিৎসক আমিরুল ইসলাম জাফরের চেম্বার থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত নারীর নাম মাজেদা বেগম (৪৫)।

বুধবার দুপুরে মৃতদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে চিকিৎসক আমিরুল ইসলাম জাফর পলাতক রয়েছেন।

মাজেদা বেগম উপজেলার তিতা গ্রামের জাহিদ হায়দারের স্ত্রী।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন জানান, চিকিৎসক আমিরুল ইসলাম জাফর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সেকমো চিকিৎসক হিসেবে মাজড়া এলাকায় কর্মরত ছিলেন।

মাজেদা বেগম কয়েকদিন আগে ঢাকা থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ওই চিকিৎসকের কাছে তিনি বেশ কিছু টাকা পেতেন। মঙ্গলবার (২৬ মে) রাতে কোনো এক সময় তিনি টাকার আনার উদ্দেশে ওই চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন।

তিনি আরো জানান, ঘটনাস্থলের পরিবেশ পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হতে পারে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বা ওই নারী ধর্ষণের শিকার হয়েছেন কিনা তা জানা যাবে।

এসএইচ