চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাট এলাকায় একটি পিকনিকের বাসে অভিযান চালিয়ে ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব।

শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্প কমান্ডার মেহেদী হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। তারা হলেন বাসের চালক মোহাম্মদ রহিম (২৯) এবং হেলপার মোহাম্মদ রফিককে (২৭)। 

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া থেকে রাঙামাটি অভিমুখী একটি পিকনিকের বাসে অভিযান চালিয়ে বিশেষ কৌশলে বাসে লুকিয়ে রাখা ৫৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ২জনকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। সাতকানিয়া থানায় মামলা করা হয়েছে। 

উদ্ধারকৃত ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ২ কোটি ৯০ লাখ টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা বলেও তিনি জানান।