ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক যুগ্ম সম্পাদক প্রয়াত দিয়াজ ইরফান চৌধুরীর লাশ পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে’র আদালত এ আদেশ দেন।

সিআইডির চট্টগ্রাম জোনের এএসপি অহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, দিয়াজ ইরফানের লাশ কবর থেকে উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য আদালত মৌখিকভাবে সিআইডিকে নির্দেশ দিয়েছেন। আদালতের নির্দেশের কপি হাতে পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২নং গেট এলাকার নিজ বাসা থেকে দিয়াজ ইরফান চৌধুরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশটির ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।

২৩ নভেম্বর ময়নাতদন্ততের রিপোর্টে বলা হয় দিয়াজ আত্মহত্যা করেছে। কিন্তু দিয়াজ ইরফানের পরিবারের দাবি দিয়াজকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে।

গত ২৪ নভেম্বর দিয়াজ ইরফানের মা জাহেদা আমিন চৌধুরী বাদী হয়ে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আনোয়ার হোসেন ও শাখা ছাত্রলীগের সভাপতিসহ দশজনকে আসামি করে আদালতে মামলা করেন। পরে আদালত এ মামলা তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

মাসুম/ মাহমুদ