হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরিয়াশিকার এলাকায় শনিবার ভোরে ডাকাতের সাথে পুলিশের গুলি বিনিময় হয়েছে। এসময় গুলিবিদ্ধ অবস্থায় ২ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি শর্ট গান ও গুলি উদ্ধার করেছে।

গুলিবিদ্ধরা হলেন- সলঙ্গা থানার চরিয়া শিকার গ্রামের আব্দুস সালামের ছেলে মোস্তাকিম (২৪) ও একই গ্রামের আবু বক্করের ছেলে সবুজ (১৯)।

পুলিশ জানায়, শনিবার ভোর রাতে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের চরিয়াশিকার এলাকায় একদল ডাকাত যানবাহন থামিয়ে ডাকাতি করছিলো। খবর পেয়ে ডিবি পুলিশের একটি টহলদল সেখানে পৌঁছলে ডাকাতরা পুলিশের উপর গুলি চালায়।

এ সময় পুলিশও পাল্টা গুলি ছুড়লে ২ ডাকাত গুলিবিদ্ধ হয়। অপর ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হলেও আহতরা পুলিশের হাতে আটক হয়। এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ একটি পাইপগান, একটি শর্ট গান ও গুলি উদ্ধার করে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন জানান, মহাসড়কে তারকাটা ফেলে ট্রাকের চাকা পামচার করে ডাকাতরা। পরে ট্রাক থামালে ডাকাতরা ড্রাইভারদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে এএসআই বেনু রায়ের নেতৃত্বে মহাসড়কে টহলরত ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছলে ডাকাতরা পালানো চেষ্টা করে। এ অবস্থায় পুলিশ গুলি ছুঁড়লে ডাকাতরাও পাল্টা গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ ২ জনকে আটক করা হয়।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ