লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ৬৩ মামলার আসামী ভারতীয় সন্ত্রাসী আমিনুলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। 

বৃহস্পতিবার দিনগত মধ্য রাতে উপজেলার পশ্চিম জগতবেড় এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ভারতের আসাম রাজ্যের কোকড়া ঝাড় জেলার গোসাইগাও থানার মাটিয়াপাড়া গ্রামের বাবলু মাতব্বরের ছেলে আমিনুল মাতব্বর ওরফে জাকির মাতব্বর ওরফে পাগলা আটাংকে(২৫)। পাটগ্রাম উপজেলার পশ্চিম জগতবেড় গ্রামের সাইজুল ইসলামের ছেলে আব্দুর রশিদ(৩২)।

পাটগ্রাম থানার ওসি (তদন্ত) ফিরোজ কবির জানান, ভারতীয় নাগরিক অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করে উপজেলার জগতবেড় গ্রামে বন্ধুর বাড়িতে আত্মগোপন করেছেন।

এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ওই বাড়িটি ঘিরে ফেলে আমিনুল মাতব্বর ও তার বন্ধু বাড়ির মালিক রশিদকে আটক করে। এ সময় আমিনুল মাতব্বরের কাছ থেকে ৪৮ রাউন্ড গুলিসহ একটি পেট্রো বেরেটা ৭.৬৫ অটোমেটিক পিস্তল উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল মাতব্বর স্বীকার করেছেন, ভারতীয় বিভিন্ন থানা তার বিরুদ্ধে ৬৩টি মামলা রয়েছে। মামলায় পুলিশি গ্রেফতার এড়াতে আড়াই মাস আগে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ প্রবেশ করে বিভিন্ন এলাকা ঘুরে সবেমাত্র জগতবেড় এলাকার বন্ধুর বাড়িতে এসেছেন। ভারতীয় জেলে কারাভোগের সময় রশিদের সাথে বন্ধুত্ব হয় আমিনুল মাতব্বরের। আমিনুল মাতব্বরের প্রকৃত পরিচয় সনাক্তের চেষ্টা করছে পুলিশ।

পাটগ্রাম থানার ওসি অবনিশংকর কর জানান, তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

সরকার/জেড